ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলায় প্রকাশ্য দিবালোকে মাদকদ্রব্য বিক্রির দৃশ্য ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক গোলাম রব্বানী (৪৮)।
সোমবার (৮ জুন) সকাল ১০টার দিকে উপজেলার গোসাইবাড়ি বাজারের আমতলা চারমাথা এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাংবাদিককে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত গোলাম রব্বানী দৈনিক নববানী ও মানাস মিডিয়ার উপজেলা প্রতিনিধি। হামলার ঘটনায় স্থানীয়দের হাতে আটক মাদক ব্যবসায়ী আল আমিনকে (৩৮) পুলিশে সোপর্দ করা হয়েছে। আটক আল আমিন গোসাইবাড়ি মাস্টারপাড়ার ইব্রাহীম হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাক চালক আল আমিন দীর্ঘদিন ধরে পেশার আড়ালে বিভিন্ন জেলায় মাদকদ্রব্য সরবরাহ ও বিক্রি করে আসছিলেন। সোমবার সকালে গোসাইবাড়ি বাজারের আমতলা চারমাথা এলাকায় তিনি প্রকাশ্যে মাদক বিক্রি করছিলেন। এসময় সাংবাদিক গোলাম রব্বানী সেই দৃশ্য মোবাইল ফোনে ভিডিও ধারণ করলে ক্ষিপ্ত হন আল আমিন। একপর্যায়ে তিনি সাংবাদিক গোলাম রব্বানীর ওপর হামলা চালিয়ে ইট দিয়ে মাথা থেতলে দেন।
সাংবাদিকের আর্তচিৎকারে স্থানীয়রা ছুটে এসে মাদক ব্যবসায়ী আল আমিনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। ঘটনার পরপরই সাংবাদিককে উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য শজিমেক হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় আহত সাংবাদিকের ছোট ভাই রবিউল হাসান বাদী হয়ে আল আমিনের বিরুদ্ধে ধুনট থানায় একটি মামলা দায়ের করেছেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত আল আমিনকে এই মামলায় অভিযুক্ত দেখিয়ে মঙ্গলবার সকালে বগুড়া জেলা কারাগারে পাঠানো হবে।’
Leave a Reply