রাজধানীর দক্ষিণখান এলাকায় একটি তালাবদ্ধ বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল প্রসাধনী ও রাসায়নিক পণ্য জব্দ করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই)। সোমবার (১১ মে, ২০২৬) পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতে প্রায় ১০ লাখ টাকা সমমূল্যের নকল পণ্য উদ্ধার করা হয়।
বিএসটিআই সূত্রে জানা গেছে, সংস্থার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানম-এর নেতৃত্বে ডিএমপি পুলিশের সহায়তায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং কর্মকর্তা ও পরিদর্শক (মেট্রোলজি) মো. রাজু আহমেদ উপস্থিত ছিলেন।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দক্ষিণখান থানাধীন আমতলা এলাকার একটি তালাবদ্ধ বাড়িতে হানা দেয় আভিযানিক দলটি। সেখানে তল্লাশি চালিয়ে জনপ্রিয় ব্র্যান্ড ‘ডাবর আমলা হেয়ার অয়েল’ (Dabur Amla Hair Oil) এবং ‘কুমারিকা হেয়ার অয়েল’ (Kumarika Hair Oil) এর বিপুল পরিমাণ নকল বোতল ও ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য পাওয়া যায়। বাজারমূল্যে জব্দকৃত এসব পণ্যের দাম আনুমানিক ১০,০০,০০০/- (দশ লাখ) টাকা।
বিএসটিআই’র কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য ও ভোক্তাদের অধিকার রক্ষায় বিএসটিআই নিয়মিত এ ধরনের তদারকি করে থাকে। অসাধু চক্র সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে এসব মানহীন ও নকল পণ্য বাজারজাত করার চেষ্টা করছিল। জনস্বার্থে বিএসটিআই’র এই বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি প্রদান করা হয়।
সব খবর সবার আগে পেতে চোখ রাখুন ‘দৈনিক ভোরের হাওয়া’র ফেসবুক পেজ ও পোর্টালে।
Leave a Reply