নাহিদা আক্তার লাকী, খুলনা :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো খুলনা প্রেস ক্লাবের ২০২৬-২৭ মেয়াদের বার্ষিক সাধারণ নির্বাচন। গভীর রাত পর্যন্ত চলা ভোট গণনা শেষে ঘোষিত ফলাফলে মোস্তফা সরোয়ার সভাপতি এবং তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে জয়লাভ করেছেন।
নির্বাচন পরিচালনা কমিটির ঘোষণা অনুযায়ী, খুলনা প্রেস ক্লাবের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মোস্তফা সরোয়ার। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ‘দৈনিক সময়ের খবর’-এর সম্পাদক ও প্রকাশক মোঃ তরিকুল ইসলাম। সদস্যদের সরাসরি ভোটে কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন বিমল সাহা।
কার্যনির্বাহী কমিটির অন্যান্য বিজয়ীরা: ঘোষিত ফলাফলে সহ-সভাপতি পদে তিনজন নির্বাচিত হয়েছেন। তারা হলেন— সোহরাব হোসেন, মোঃ জাহিদুল ইসলাম ও কাজী শামিম আহমেদ। যুগ্ম-সম্পাদক পদে জয়ী হয়েছেন মোঃ বেল্লাল হোসেন সজল। এছাড়া পাঠাগার, প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বশির হোসেন।
সকাল থেকেই প্রেস ক্লাব চত্বরে সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রবীণ ও নবীন সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয় এই নির্বাচন। ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানান ক্লাব সদস্য ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
নবনির্বাচিত এই কমিটি আগামী দুই বছর খুলনা অঞ্চলের সাংবাদিকদের অধিকার রক্ষা ও ক্লাবের উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে সাধারণ সদস্যরা আশা প্রকাশ করেছেন।
Leave a Reply