নাহিদা আক্তার লাকী,খুলনা:
খুলনা প্রেসক্লাবে বহিরাগত সন্ত্রাসীদের হামলা ও সাংবাদিকদের লাঞ্ছিত করার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে খুলনার গণমাধ্যম অঙ্গন। আজ সোমবার দুপুরে প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আসন্ন প্রেসক্লাব নির্বাচন বানচাল করার সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ হিসেবে গত রোববার সন্ধ্যায় একদল সন্ত্রাসী পরিকল্পিতভাবে ক্লাবে প্রবেশ করে। তারা সেখানে উপস্থিত সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলা চালায় ও লাঞ্ছিত করে। সাংবাদিক নেতৃবৃন্দ এই ঘটনাকে গণমাধ্যমের স্বাধীনতার ওপর এক ‘নগ্ন হস্তক্ষেপ’ বলে অভিহিত করেছেন।
খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন:
”সাংবাদিকদের নিরাপত্তা বিঘ্নিত করার এই অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সত্যের কণ্ঠরোধ করতে যারা হামলা চালিয়েছে, তাদের ছাড় দেওয়া হবে না।”
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন:
সমাবেশ থেকে সাংবাদিক নেতৃবৃন্দ প্রশাসনকে আল্টিমেটাম দিয়ে বলেন, অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে বলে তারা হুঁশিয়ারি দেন। রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দও সাংবাদিকদের এই ন্যায্য আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।
এদিকে হামলার ঘটনায় পুলিশ প্রশাসন জানিয়েছে, তারা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী অভিযুক্তদের শনাক্ত করার কাজ চলছে এবং তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply