সিআইডি সদর দপ্তর, ঢাকায় সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা মহোদয়ের সাথে ঢাকাস্থ ইতালিয়ান দূতাবাসের মাইগ্রেশন অ্যাটাশে মি. জিউসেপ্পে জিওভান্নি (Mr. Giuseppe Giovanni) এক সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে মি. জিউসেপ্পে জিওভান্নি বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশ পুলিশকে অভিনন্দন জানান এবং মানবপাচার (TIP) ও অবৈধ অভিবাসন (SOM) প্রতিরোধে বাংলাদেশ পুলিশ, বিশেষ করে সিআইডি ও অন্যান্য বিশেষায়িত ইউনিটসমূহের কার্যকর ভূমিকার প্রশংসা করেন। একইসঙ্গে তিনি দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও সুসংহত করার ওপর গুরুত্বারোপ করেন, বিশেষত অপারেশনাল কার্যক্রম ও গোয়েন্দা তথ্য বিনিময়ের ক্ষেত্রে সমন্বয় বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
এসময় সিআইডি প্রধান সম্প্রতি বাংলাদেশ ও ইতালির মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (MoU)-এর আলোকে পুলিশ-টু-পুলিশ সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি নিরাপদ ও নিয়মিত অভিবাসন প্রক্রিয়া সহজতর করার পাশাপাশি অবৈধ অভিবাসন নেটওয়ার্কের বিরুদ্ধে সমন্বিত ও কঠোর ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন।
উক্ত বৈঠকে সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব আলি আকবর খান, ডিআইজি (অর্গানাইজড ক্রাইম); জনাব মো. আবুল বাশার তালুকদার, ডিআইজি (সাইবার পুলিশ সেন্টার); জনাব মোহাম্মদ শামসুল হক, ডিআইজি (ফরেনসিক) সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সাক্ষাৎ শেষে উভয় পক্ষ মানবপাচার, অবৈধ অভিবাসন এবং আন্তঃদেশীয় সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার, যৌথ উদ্যোগ গ্রহণ এবং সক্ষমতা বৃদ্ধিমূলক কার্যক্রম সম্প্রসারণে একমত পোষণ করেন।
Leave a Reply