টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন ইউপি প্যানেল চেয়ারম্যান। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল ও সুশীল সমাজের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।
অভিযুক্ত সাংবাদিক আতিফ রাসেল (মো. রাসেল মিয়া) অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা এডিশন’-এর টাঙ্গাইল জেলা প্রতিনিধি এবং ‘প্রতিদিনের বাংলাদেশ’-এর ভূঞাপুর প্রতিনিধি হিসেবে কর্মরত।
জানা গেছে, গত ১৩ মার্চ নিকরাইল ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণের সময় প্রতি কার্ডধারীকে ১০ কেজির পরিবর্তে সাড়ে ৮ কেজি করে দেওয়ার অভিযোগ ওঠে। সরেজমিনে গিয়ে সুবিধাভোগীদের বক্তব্যের ভিত্তিতে ‘বাংলা এডিশন’-এ একটি সংবাদ প্রকাশ করেন আতিফ রাসেল। সেখানে উল্লেখ করা হয়, বালতি দিয়ে চাল মাপার সময় কৌশলে কিছু অংশ সরিয়ে রাখা হচ্ছে এবং বাড়িতে গিয়ে মাপার পর চাল কম পাওয়া যাচ্ছে।
এই সংবাদ প্রকাশের পর নিকরাইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ রাশিদুল ইসলাম ফকির (দিলীপ) সংবাদটিকে ‘অপপ্রচার’ দাবি করে ভূঞাপুর থানায় সাংবাদিকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। প্যানেল চেয়ারম্যানের দাবি, চাল কম দেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
ভুক্তভোগী সাংবাদিক আতিফ রাসেল জানান, আমি সরেজমিনে গিয়ে ভুক্তভোগীদের সাথে কথা বলে এবং তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদটি করেছি। আমার কাছে সব ধরণের তথ্য ও ডকুমেন্টস সংরক্ষিত রয়েছে।ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাব্বির হোসেন জানান, সাংবাদিকের বিরুদ্ধে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত চলছে।
Leave a Reply