রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় ত্রাস সৃষ্টিকারী কুখ্যাত কিশোর গ্যাংয়ের দুই শীর্ষ নেতা এবং অবৈধ অস্ত্রধারী আহমেদকে (২৫) গ্রেপ্তার করেছে র্যাব-২।
মোহাম্মদপুর থানাধীন চাঁদ উদ্যান এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি দেশীয় পিস্তল ও ১০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আহমেদ মোহাম্মদপুরের আলোচিত ‘কব্জিকাটা গ্রুপ’-এর সেকেন্ড ইন কমান্ড হিসেবে দায়িত্ব পালন করছিল। পাশাপাশি সে ‘আই ডোন্ট কেয়ার গ্রুপ’ নামক আরেকটি অপরাধী চক্রের প্রধান হিসেবেও সক্রিয়।
র্যাব-২-এর মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্রসহ তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে যে, সে ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর ও আদাবরসহ আশপাশের এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। এসব অস্ত্র ব্যবহার করে তারা এলাকায় মাদক কারবার, চাঁদাবাজি, ছিনতাই ও দস্যুতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
র্যাব আরও জানায়, সিডিএমএস (CDMS) যাচাইয়ে গ্রেপ্তারকৃত আহমেদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় চাঁদাবাজি, ছিনতাই ও দস্যুতাসহ একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং দুষ্কৃতিকারীদের দৌরাত্ম্য বন্ধে র্যাবের এই নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন র্যাব-২-এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস।
Leave a Reply