আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন নির্ধারিত সকল পশুর হাটের ইজারা সংক্রান্ত কার্যাদেশ প্রদান সম্পন্ন হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই হাটের ইজারা প্রক্রিয়া সফলভাবে শেষ করায় এখন হাট প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে রয়েছে ডিএনসিসি।
সিটি কর্পোরেশন সূত্র জানায়, ঢাকা মহানগরীতে কোরবানির পশুর সুষ্ঠু ব্যবস্থাপনা এবং ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে এবারও যথাযথ নিয়ম মেনে হাটের ইজারা প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ইজারা পাওয়া সংশ্লিষ্ট ইজারাদারদের দ্রুত সময়ের মধ্যে হাটের অবকাঠামো নির্মাণসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে নির্ধারিত হাটের বাইরের এলাকায় পশু কেনাবেচায় কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ডিএনসিসি কর্মকর্তারা জানিয়েছেন, হাটে আগত ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা, স্বাস্থ্যবিধি অনুসরণ এবং হাসিল আদায়ের ক্ষেত্রে যাতে কোনো ধরনের অনিয়ম না হয়, সে বিষয়টি কঠোর নজরদারিতে রাখা হবে। এছাড়া হাটের বর্জ্য দ্রুত অপসারণের জন্য প্রতিটি হাটের ইজারাদারকে নিজস্ব ব্যবস্থাপনায় পরিচ্ছন্নতা কর্মী নিয়োজিত রাখার শর্তও দেওয়া হয়েছে।
এদিকে, ইজারা প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ইজারাদাররা এখন প্যান্ডেল তৈরি, বাঁশের বেড়া এবং পশু রাখার জায়গা প্রস্তুতির কাজ শুরু করেছেন। নির্ধারিত সময়ের আগেই হাটের সব ধরনের অবকাঠামোগত কাজ শেষ হবে বলে আশা করছে ডিএনসিসি কর্তৃপক্ষ।
ঈদকে কেন্দ্র করে ঢাকা উত্তর সিটির বাসিন্দারা যাতে নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে পশু কেনাবেচা করতে পারেন, সেই লক্ষ্যে প্রতিটি হাটে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য ও ট্রাফিক ব্যবস্থার সমন্বয় করা হয়েছে।
Leave a Reply