মো:আরমান হোসেন রাজিব, সিনিয়র রিপোর্টার
ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন আটিবাজার এলাকায় মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা জোরদার করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আটিবাজারের ছায়ানীড় কমপ্লেক্সে আয়োজিত এই সভায় এলাকার সর্বস্তরের মানুষ ও পুলিশ প্রশাসনের মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে।
আটিবাজার পুলিশ ক্যাম্পের উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন মোঃ ফয়সাল আলম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমান উল্লাহ আমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রুহুল কুদ্দুছ।
সভায় আটিবাজার ও তৎসংলগ্ন এলাকার মাদক, অবৈধ অস্ত্র, চাঁদাবাজি, খুন, ডাকাতি, চুরি, ছিনতাই, ভূমিদস্যুতা ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি নির্মূলে জনসচেতনতা তৈরির আহ্বান জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে আমান উল্লাহ আমান বলেন, “সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূল করা কেবল প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। এজন্য রাজনৈতিক নেতা, প্রশাসন, পুলিশ এবং প্রতিটি পরিবারের অভিভাবকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিশেষ করে কিশোর গ্যাং ও মাদকাসক্তি প্রতিরোধে অভিভাবকদের আরও বেশি সতর্ক ও দায়িত্বশীল হতে হবে।”
বিশেষ অতিথি মোঃ রুহুল কুদ্দুছ তার বক্তব্যে বলেন, “কেরানীগঞ্জ এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে। মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনগণের তথ্য ও সহযোগিতা অপরিহার্য।”
সভাপতির বক্তব্যে মোঃ ফয়সাল আলম বলেন, “আটিবাজার এলাকাকে একটি নিরাপদ ও অপরাধমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে পুলিশ ক্যাম্প সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়ার সাথে সাথে তা পুলিশকে জানানোর জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।”
মতবিনিময় সভায় অংশগ্রহণকারী গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় ব্যবসায়ীরা বাল্যবিবাহ প্রতিরোধ, যুবসমাজকে খেলাধুলা ও শিক্ষামুখী কার্যক্রমে সম্পৃক্ত করা এবং ভূমিদস্যুতা রোধে কঠোর নজরদারির দাবি জানান। বক্তারা প্রতিটি ওয়ার্ড ও মহল্লায় নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার প্রস্তাব রাখেন।
পরিশেষে, এলাকায় দীর্ঘস্থায়ী শান্তি, নিরাপত্তা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে পুলিশ ও এলাকাবাসীর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও নিরবচ্ছিন্ন যোগাযোগ বজায় রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
Leave a Reply