বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শুক্রবার (১৫ মে) সকাল ১১টার দিকে রাজধানীর উত্তরা আহ্ছানিয়া মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি লিভারের গুরুতর জটিলতায় ভুগছিলেন এবং ভারতসহ দেশ-বিদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক নেতাদের গভীর শোক:আব্দুল হামিদ খানের আকস্মিক মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এবং সাধারণ সম্পাদক লায়ন মো: আবুল হোসেন এক যৌথ বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “আব্দুল হামিদ খানের মৃত্যুতে বিএমএসএফ একজন অত্যন্ত দক্ষ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল নেতাকে হারালো, যা অপূরণীয় ক্ষতি।” উল্লেখ্য, আব্দুল হামিদ খান ২০১৩ সাল থেকে মফস্বল সাংবাদিকদের অধিকার ও ১৪ দফা দাবি আদায়ের আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলেন। তিনি কেন্দ্রীয় কমিটির পাশাপাশি অত্যন্ত সফলতার সাথে গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছিলেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বিকেলে গাজীপুর বোর্ড বাজারে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজায় বিএমএসএফ-এর কেন্দ্রীয় ও স্থানীয় কমিটির নেতৃবৃন্দসহ সর্বস্তরের গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করবেন। সংগঠনের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করা হয়েছে।
Leave a Reply