শাহ রফিকুজ্জামান মিথুন
দীর্ঘদিনের বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন আউটসোর্সিং কর্মচারীরা। সোমবার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ব্যানারে উল্লেখ করা হয়, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন সদর দপ্তর, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কর্মরত আউটসোর্সিং কর্মচারীদের গত জুলাই ২০২৪ থেকে এপ্রিল ২০২৬ পর্যন্ত প্রায় ২২ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে এ অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে।
কর্মসূচিতে অংশ নেওয়া কর্মচারীরা বলেন, দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন। পরিবার-পরিজন নিয়ে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাতে হচ্ছে। দ্রুত বকেয়া বেতন-ভাতা পরিশোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।
আন্দোলনকারীরা আরও জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবেন। এসময় বাংলাদেশ অস্থায়ী স্বাস্থ্যকর্মী অ্যাসোসিয়েশনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
Leave a Reply