জাতিসংঘের সতর্কবার্তার প্রেক্ষিতে বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিয়ে আবারো শঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের দাম দ্রুত বাড়ছে, যা নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে মানুষের জীবনযাত্রাকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের কারণে ফসলের উৎপাদন কমে যাওয়া এবং প্রধান খাদ্য উৎপাদনকারী দেশগুলোর রপ্তানি নীতির পরিবর্তন একত্রিত হয়ে বিশ্ববাজারে খাদ্য সরবরাহকে অস্থিতিশীল করে তুলছে।
বিশেষ করে গম, চাল, ভোজ্যতেল ও অন্যান্য মূল খাদ্যদ্রব্যের দাম দ্রুত বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার ওপর চাপ বৃদ্ধি পাচ্ছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা জানিয়েছে, বাজারে চাহিদা ও সরবরাহের ভারসাম্য বজায় না থাকলে বিশ্বব্যাপী খাদ্যসংকট সৃষ্টি হতে পারে। এতে বিশেষত নিম্ন আয়ের দেশগুলোতে অভুক্তি ও সামাজিক অস্থিরতার ঝুঁকি বাড়বে। বিশ্ববাজারের এই অস্থিতিশীল পরিস্থিতি আন্তর্জাতিক সমপ্রদায়কে সতর্ক করছে। বিশেষজ্ঞরা বলেন, খাদ্য উৎপাদন, সরবরাহ ও বিতরণ ব্যবস্থা শক্তিশালী না করা হলে এই সংকট কেবল দামের ঊর্ধ্বগতি পর্যন্ত সীমাবদ্ধ থাকবেনা, বরং সামাজিক স্তরেও মারাত্মক প্রভাব ফেলতে পারে।
সংঘাতের পটভূমি- উত্তপ্ত মধ্যপ্রাচ্য : গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলার মাধ্যমে ইরানে নতুন করে সংঘাতের সূচনা হয়। ওই হামলার পর থেকেই অঞ্চলজুড়ে পাল্টাপাল্টি আক্রমণ, ড্রোন হামলা এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা বাড়তে থাকে। ইরান এই হামলার জবাবে শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যে অবস্থিত বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিকেও লক্ষ্যবস্তুতে পরিণত করে। ফলে পুরো অঞ্চলটি এখন এক ধরনের যুদ্ধাবস্থার মধ্যে রয়েছে।
খাদ্যদামে ঊর্ধ্বমুখী প্রবণতা : এফএওর সামপ্রতিক ‘ফুড প্রাইস ইনডেক্স’ অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের দাম ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে ২ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, এটি টানা দ্বিতীয় মাসের মতো খাদ্যদামের ঊর্ধ্বগতি, যা একটি দীর্ঘমেয়াদি প্রবণতার ইঙ্গিত দিতে পারে।জ্বালানি বাজারে অস্থিরতা : খাদ্যদাম বৃদ্ধির পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে, যা সরাসরি খাদ্য উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় প্রভাব ফেলছে। খাদ্য উৎপাদনের প্রতিটি ধাপে কৃষিকাজে জ্বালানি ব্যবহার, সেচ ব্যবস্থা, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ, পরিবহন সবকিছুতেই জ্বালানির ওপর নির্ভরতা রয়েছে। ফলে তেলের দাম বাড়লেই খাদ্যদামও বাড়ে।
হরমুজ প্রণালী সংকটের কেন্দ্রবিন্দু : বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী এখন এই সংকটের কেন্দ্রবিন্দুতে। এই প্রণালী দিয়ে বিশ্বের একটি বড় অংশের তেল সরবরাহ হয়। বর্তমান পরিস্থিতিতে এই রুটে জাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যদি এই পথ দীর্ঘ সময়ের জন্য অচল হয়ে পড়ে, তাহলে বিশ্বব্যাপী জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করতে পারে।
খাদ্য আমদানিনির্ভর দেশগুলোর ঝুঁকি : বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, খাদ্য আমদানির ওপর নির্ভরশীল দেশগুলো সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। এই দেশগুলোর জন্য সম্ভাব্য চ্যালেঞ্জগুলো হলো- আমদানি ব্যয় বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার চাপ, অভ্যন্তরীণ বাজারে মূল্যস্ফীতি, খাদ্য সংকটের আশঙ্কা ইত্যাদি বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অনেক দেশ এই ঝুঁকির আওতায় পড়ে।
বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের চাপ : মধ্যপ্রাচ্যের সংঘাত শুধু জ্বালানি নয়, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলেও প্রভাব ফেলছে। সমুদ্রপথে পণ্য পরিবহনে বিলম্ব, বীমা খরচ বৃদ্ধি এবং নিরাপত্তা ঝুঁকি- সব মিলিয়ে আন্তর্জাতিক বাণিজ্যে চাপ তৈরি হয়েছে। এর ফলে খাদ্যপণ্য আমদানি করতে সময় বেশি লাগছে এবং খরচও বেড়ে যাচ্ছে।
কৃষি উৎপাদনে প্রভাব : জ্বালানি সংকটের কারণে কৃষি উৎপাদনও ব্যাহত হতে পারে। অনেক দেশে কৃষকরা ইতোমধ্যে উচ্চ উৎপাদন ব্যয়ের কারণে সমস্যায় পড়ছেন। বিশেষ করে সার, কীটনাশক এবং সেচ ব্যবস্থার খরচ বেড়ে যাওয়ায় উৎপাদন কমে যেতে পারে, যা ভবিষ্যতে খাদ্য সংকটকে আরও তীব্র করবে।
মানবিক সংকটের আশঙ্কা : জাতিসংঘ সতর্ক করে বলেছে, যদি পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আসে, তাহলে এটি একটি বড় মানবিক সংকটে রূপ নিতে পারে। বিশেষ করে দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোতে- অপুষ্টি বৃদ্ধি, খাদ্য নিরাপত্তাহীনতা, সামাজিক অস্থিরতা এসব সমস্যা দেখা দিতে পারে।
আন্তর্জাতিক প্রতিক্রিয়া : বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। অনেক দেশই কূটনৈতিকভাবে সংঘাত নিরসনের আহ্বান জানিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সংকট সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি।
এফএও’র বিশ্লেষকরা মনে করছেন, আগামী কয়েক মাস পরিস্থিতি আরও জটিল হতে পারে। যদি সংঘাত দীর্ঘস্থায়ী হয়, তাহলে খাদ্যদামের ঊর্ধ্বগতি অব্যাহত থাকবে। এক্ষেত্রে বিশেষজ্ঞরা কিছু করণীয় পরামর্শ দিয়েছেন- খাদ্য মজুত বাড়ানো, বিকল্প সরবরাহ উৎস খোঁজা, স্থানীয় উৎপাদন বৃদ্ধি, জ্বালানি ব্যবহারে দক্ষতা বাড়ানো। এই পদক্ষেপগুলো গ্রহণ করলে সংকটের প্রভাব কিছুটা কমানো সম্ভব।
সর্বোপরি, বিশ্ববাজারে খাদ্যসংকটের শঙ্কা একটি বাস্তব ও গম্ভীর সমস্যা হিসেবে দেখা দিয়েছে। জলবায়ু পরিবর্তন, যুদ্ধ-বিরোধ, প্রাকৃতিক দুর্যোগ, এবং সাপ্লাই চেইনের বিঘ্ন বিশ্বব্যাপী খাদ্যের উৎপাদন ও বিতরণে বিরূপ প্রভাব ফেলছে। এর ফলে দরিদ্র ও মধ্যবিত্ত দেশের মানুষদের জন্য খাদ্য নিরাপত্তা সংকটময় হয়ে উঠছে। আন্তর্জাতিক সমন্বয়, টেকসই কৃষি নীতি, এবং খাদ্য অপচয় কমানো এই চ্যালেঞ্জ মোকাবিলার মূল হাতিয়ার। দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে শুধু ব্যক্তিগত ক্ষতি নয় বরং সামাজিক অস্থিতিশীলতাও দেখা দিতে পারে।
Leave a Reply