জনগণের জরুরি প্রয়োজনে ২৪ ঘণ্টা নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে পবিত্র রমজানেও বিরামহীন কাজ করে যাচ্ছে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’। ইফতার ও সেহরির সময়েও এই সেবা সচল রাখতে কলটেকাররা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে পর্যায়ক্রমে দায়িত্ব পালন করছেন।
সম্প্রতি ৯৯৯-এর প্রধান, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি জনাব মহিউল ইসলাম (বিপিএম-সেবা), কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে ইফতারে অংশগ্রহণ করেন। ইফতারের এই আয়োজনে তিনি কর্মীদের কাজের খোঁজখবর নেন এবং দায়িত্বরতদের মনোবল চাঙ্গা রাখতে উৎসাহ প্রদান করেন।

ইফতার পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে অতিরিক্ত ডিআইজি মহিউল ইসলাম বলেন, “রমজান কিংবা উৎসবের আমেজ—জনগণের বিপদে ৯৯৯ সবসময় পাশে থাকে। বিশেষ করে আসন্ন ঈদের পূর্বাপর সময়ে জনগণের জরুরি প্রয়োজনে পূর্বের ন্যায় সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে সেবা নিশ্চিত করতে হবে।”
উল্লেখ্য, পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা পেতে দেশের যেকোনো প্রান্ত থেকে নাগরিকরা বিনামূল্যে ৯৯৯-এ কল করে দ্রুত সহায়তা পাচ্ছেন। রমজান মাসেও এই কল সেন্টারের কার্যক্রম এক মুহূর্তের জন্য বন্ধ না রেখে পর্যায়ক্রমে ইফতার ও সেহরি সম্পন্ন করার ব্যবস্থা রাখা হয়েছে।
Leave a Reply