রাজধানীর বিভিন্ন এলাকায় অপরিচিত ব্যক্তিদের হঠাৎ উপস্থিতি বা সন্দেহজনক চলাফেরা লক্ষ্য করলে নগরবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার বলেন, কোনো এলাকায় অচেনা লোকজনের অস্বাভাবিক যাতায়াত, মোটরসাইকেলে সন্দেহজনক ঘোরাঘুরি বা হঠাৎ করে জমায়েত তৈরি হলে বিষয়টি অবহেলা না করে নজরে রাখা উচিত।
তিনি জানান, জনগণের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সার্বক্ষণিক কাজ করছে। আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরদার করা হয়েছে।
ডিএমপির এই কর্মকর্তা বলেন, পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছে। জনবল সীমিত থাকলেও সর্বোচ্চ সক্ষমতা দিয়ে কাজ করে যাচ্ছে পুলিশ।
তিনি আরও বলেন, যেকোনো সন্দেহজনক ঘটনা চোখে পড়লে স্থানীয়দের সচেতনভাবে বিষয়টি যাচাই করে দ্রুত নিকটস্থ থানায় বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো উচিত। জরুরি প্রয়োজনে জাতীয় সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করারও আহ্বান জানান তিনি।
সবশেষে তিনি নগরবাসীকে সচেতন থাকার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহযোগিতা করার অনুরোধ জানান।
Leave a Reply