দুর্নীতির অভিযোগে অবশেষে আইনের জালে ধরা পড়লেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বহুল আলোচিত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবুল কালাম আজাদ। রোববার (৩ মে) রাতে পাবনা শহরের গোপালপুর এলাকায় দুদক ও পুলিশের এক বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
দুদক সূত্রে জানা গেছে, শাহজাদপুরে কর্মরত থাকাকালীন আবুল কালাম আজাদের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ, ভুয়া মাস্টাররোল তৈরি এবং ক্ষমতার অপব্যবহারের পাহাড়সমান অভিযোগ ওঠে। দীর্ঘ তদন্ত শেষে দুর্নীতির প্রমাণ মেলায় তার বিরুদ্ধে চারটি পৃথক মামলা দায়ের করা হয়েছিল।
দুদকের এজাহার অনুযায়ী, এই কর্মকর্তা কেবল সম্পদ বিবরণীতেই ৯ লাখ ৪২ হাজার টাকার তথ্য গোপন করেননি, বরং তার আয়ের উৎসের সাথে অসংগতিপূর্ণ ১ কোটি ৩২ লাখ ৪৬ হাজার ৭৯৮ টাকার অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে কমিশন।
মামলার বাদী ও দুদক পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর জানান, সরকারি পদের অপব্যবহার করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের দায়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৪ মে) দুপুরে তাকে পাবনা সদর থানা হেফাজত থেকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply