সাভার মডেল থানাকে ঘিরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের অসাধু যোগাযোগের অভিযোগ যেন থামছেই না। এই ধারাবাহিকতায় এবার মাদক কারবারিদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ এবং মাদক-সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) হেলাল উদ্দিনকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত (ক্লোজ) করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ইয়াবা উদ্ধার এবং তা বিক্রিকে কেন্দ্র করে একটি আলোচিত ঘটনার তথ্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পৌঁছায়। এরপর বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু হলে পরিদর্শক হেলাল উদ্দিনের বিরুদ্ধে মাদক সিন্ডিকেটের সঙ্গে যোগাযোগের পাশাপাশি ‘মামলা বাণিজ্যের’ মতো গুরুতর অভিযোগ সামনে আসে। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশে তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
স্থানীয়দের অভিযোগ, সাভার পৌর এলাকার রাজাসনের পালোয়ানপাড়া মহল্লার আলোচিত মাদক কারবারি শামীম, বেদেপল্লির চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং সাভার সদর ইউনিয়নের দেওগা এলাকার মাদক সিন্ডিকেটের সঙ্গে পরিদর্শক হেলালের দীর্ঘদিনের গোপন যোগাযোগ ছিল।
সাভার থানায় একের পর এক শাস্তিমূলক ব্যবস্থা:
সাভার মডেল থানার কর্মকর্তাদের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ এবারই প্রথম নয়। এর আগেও একই অভিযোগে থানার তৎকালীন ওসি এবং তিনজন উপপরিদর্শক (এসআই)-কে জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছিল। একের পর এক এমন ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও আস্থার সংকট তৈরি হয়েছে। স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, “মাদক নির্মূলে বাহিনী যখন অভিযান চালাচ্ছে, তখন বাহিনীর সদস্যদের বিরুদ্ধেই যদি এমন অভিযোগ ওঠে, তবে সাধারণ মানুষ কোথায় যাবে?”
এ বিষয়ে জানতে ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন শিল্পীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জাহাঙ্গীর আলম পরিদর্শক হেলাল উদ্দিনকে ক্লোজ করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিদর্শক হেলালকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে, তবে তাকে ঠিক কী কারণে ক্লোজ করা হয়েছে সে বিষয়ে তিনি অবগত নন।
সাভারে মাদকবিরোধী অভিযানের মধ্যেই একের পর এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ওঠা এ ধরনের গুরুতর অভিযোগ নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। ভুক্তভোগী ও স্থানীয়রা ঘটনাটির নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
Leave a Reply