অপারেশনাল দক্ষতা বৃদ্ধি এবং উড্ডয়ন নিরাপত্তার প্রতি সুদৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করার মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) বাংলাদেশ বিমান বাহিনীর ‘কমান্ড সেফটি সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
রাজধানী ঢাকার বিমান বাহিনী ঘাঁটি বাশারের ফ্যালকন হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি।
নিরাপত্তা সংস্কৃতি জোরদারের আহ্বান
সেমিনারের উদ্বোধনী বক্তব্যে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান নিয়মিত এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বিমান বাহিনী সদর দপ্তর কর্তৃক গৃহীত বিভিন্ন নিরাপত্তামূলক উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, এ ধরনের কার্যক্রম বাহিনীতে একটি শক্তিশালী নিরাপত্তা সংস্কৃতি গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখছে। সেমিনারে ২০২৫ সালের উড্ডয়ন সংক্রান্ত বিভিন্ন ঘটনার বিশ্লেষণধর্মী উপস্থাপনা প্রদান করেন ফ্লাইট সেফটি পরিচালক। এছাড়াও ‘ডেটা-ড্রিভেন সেফটি কালচার’ বিষয়ক একটি বিশেষ প্রবন্ধে আধুনিক তথ্য বিশ্লেষণের মাধ্যমে ঝুঁকি ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সফল মিশনে সন্তোষ ও প্রধান অতিথির নির্দেশনা
সমাপনী বক্তব্যে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যেও উড্ডয়ন সাফল্যে সন্তোষ প্রকাশ করেন। জাতীয় নির্বাচন, ভিভিআইপি দায়িত্ব, দুর্যোগ মোকাবিলা এবং আন্তর্জাতিক মহড়ার মতো গুরুত্বপূর্ণ মিশনগুলোতে সদস্যদের দক্ষতা ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন তিনি। তিনি স্পষ্ট নির্দেশনা দিয়ে বলেন, “নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব।” প্রতিটি পর্যায়ে সক্রিয়ভাবে নিরাপত্তা মনোভাব বজায় রাখার জন্য তিনি কমান্ডারদের প্রতি আহ্বান জানান।
ফ্লাইট সেফটি ট্রফি বিজয়ীদের নাম
অনুষ্ঠানে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ঘাঁটি ও ইউনিটকে সম্মাননা ট্রফি প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন:
আন্তঃঘাঁটি ফ্লাইট সেফটি ট্রফি: বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার।
খাদেমুল বাশার ফ্লাইট সেফটি ট্রফি: উড্ডয়ন প্রশিক্ষক প্রশিক্ষণ স্কুল (এফআইএস)।
বেষ্ট এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং স্কোয়াড্রন ট্রফি: বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান।
অ্যাকসিডেন্ট-ফ্রি ইয়ার অ্যাওয়ার্ড ট্রফি: ১০১ স্পেশাল উড্ডয়ন ইউনিট।
অনুষ্ঠানে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিমানসেনাগণ উপস্থিত ছিলেন। এছাড়া জাতিসংঘ মিশন এলাকা এবং বিভিন্ন দূরবর্তী ঘাঁটি/ইউনিট থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মকর্তারা এই সেমিনারে সরাসরি যুক্ত ছিলেন।
Leave a Reply