ঢাকা অবশেষে বাতিল হলো রাজউকের আলোচিত ঝিলমিল আবাসিক প্রকল্পের বহুতল ভবন নির্মাণের সেই বড় চুক্তি। অন্যদিকে, পর্যটন নগরী কক্সবাজারে আন্তর্জাতিক মানের পর্যটন সুবিধা নিশ্চিত করতে নতুন একটি মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার।
সচিবালয়ে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রস্তাবের প্রেক্ষিতে এই অনুমোদন দেওয়া হয়।
বাতিল হলো ঝিলমিলের পিপিপি চুক্তি:রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও বিএনজি গ্লোবাল হোল্ডিং এসডিএন বিহেড কনসোর্টিয়ামের মধ্যে স্বাক্ষরিত ‘ঝিলমিল রেসিডেনশিয়াল প্রজেক্ট’ বাস্তবায়নের চুক্তিটি বাতিলের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। মধ্যবিত্তদের জন্য বহুতল আবাসন নির্মাণের লক্ষে এই পিপিপি (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ) চুক্তি সম্পাদিত হয়েছিল। তবে প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা বা নির্দিষ্ট শর্ত পূরণ না হওয়ায় সরকারের পক্ষ থেকে এই কঠোর পদক্ষেপ নেওয়া হলো।
কক্সবাজারে শৈবল কেন্দ্রিক নতুন পরিকল্পনা:একই বৈঠকে পর্যটন খাতের জন্য সুখবর নিয়ে এসেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। কক্সবাজারের ঐতিহ্যবাহী ‘হোটেল শৈবল’ কম্পাউন্ডে আন্তর্জাতিক মানের আধুনিক পর্যটন সুবিধা নির্মাণের একটি প্রস্তাব বৈঠকে অনুমোদিত হয়েছে।
প্রকল্পটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে বাস্তবায়িত হবে, যা পর্যটন নগরীর চেহারা বদলে দেবে বলে আশা করা হচ্ছে।
বৈঠক শেষে জানানো হয়, দেশের আবাসন ও পর্যটন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করতেই এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে।
Leave a Reply