বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের হয়রানি ও জিম্মি করার অভিযোগে দালাল চক্রের ৮ সদস্যকে আটক করেছে র্যাব-৮।
আজ মঙ্গলবার (১২ মে ২০২৬) দুপুরে এক বিশেষ অভিযানের মাধ্যমে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন মো. রুবেল, তাসনিম জাহান মিম, হাফিজা আক্তার, সুমি আক্তার, লাবনী আক্তার নাজমা, আইয়শা সিদ্দিকা, ছাবিনা এবং রুমান সরদার। র্যাব জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে রোগীদের ভালো চিকিৎসার প্রলোভন দেখিয়ে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া, বেড পাইয়ে দেওয়া এবং দ্রুত ডাক্তার দেখানোর নামে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে আসছিল।
এই অভিযানে আটককৃতদের মধ্যে ৭ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয় এবং একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে মুচলেকার মাধ্যমে মুক্তি দেওয়া হয়েছে।
জনস্বার্থে এ ধরনের দালাল চক্র ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের দমনে র্যাব-৮ এর কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
Leave a Reply