আজ ৩ মে, রোববার—বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পেশাদারিত্বের সঙ্গে সংবাদ প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে দিবসটি পালিত হচ্ছে। এ বছরের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে দেশের গণমাধ্যমকর্মী ও বিশিষ্টজনেরা সংবাদপত্রের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তার ওপর বিশেষ গুরুত্বারোপ করছেন।
দিবসটি উপলক্ষে আজ সকাল সাড়ে ৯টায় রাজধানীর সার্কিট হাউস রোডে অবস্থিত তথ্য ভবন কমপ্লেক্সের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী।
আলোচনা সভায় দেশের বর্তমান গণমাধ্যমের চ্যালেঞ্জ, সাংবাদিকদের পেশাগত সুরক্ষা এবং তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। সংবাদমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন এবং সাংবাদিকরা এই কর্মসূচিতে অংশ নেবেন।
উল্লেখ্য, ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকে প্রতি বছর সারা বিশ্বে গণমাধ্যমের স্বাধীনতার মূলনীতিগুলো উদযাপন, বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতার অবস্থা মূল্যায়ন এবং পেশাগত দায়িত্ব পালনকালে প্রাণ উৎসর্গকারী সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানাতে এই দিনটি পালিত হয়ে আসছে।
Leave a Reply